কুষ্টিয়ার মিরপুরের পল্লীতে কথিত বন্দুকযুদ্ধে ফুটু ওরফে মোন্না (৩৫) ও রাসেল আহম্মেদ (৩০) নামে দুই ব্যক্তি নিহত হয়েছে। র‌্যাবের দাবি নিহতরা মাদক সেবী ও বিক্রেতা। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য জব্দ করেছে।

আজ বুধবার ভোরে জেলার মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের আনন্দবাজার বালুচর সংলগ্ন জোয়াদ্দারের ইটভাটার কাছে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনাটি ঘটে।

র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাইমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশে একদল বিক্রেতা মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের আনন্দবাজার বালুচর সংলগ্ন জোয়াদ্দারের ইটভাটার কাছে অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে র‌্যাব কুষ্টিয়া ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা র‌্যাবকে লক্ষ্য কর গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালালে অন্যরা পালিয়ে যায়। এসময় দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

র‌্যাব জানতে পারে ‘বন্দুকযুদ্ধে’ নিহতরা তালিকাভুক্ত শীর্ষ মাদক বিক্রেতা। ঘটনাস্থল থেকে বিদেশি-দেশি পিস্তল, ১২ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ ইয়াবা ও ফেনসিডিল জব্দ করা হয়েছে।

নিহত ফুটু ওরফে মোন্না রাজারহাট মোড় এলাকার মৃত আহম্মদ আলীর ছেলে ও রাসেল আহম্মেদ একই এলাকার রবিউল ইসলামের ছেলে।