দীর্ঘ আট বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জামালপুর জেলা শাখার নতুন কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

বৃহস্পতিবার সোহেল রানা খানকে সভাপতি ও ওমরুজ্জামান দর্শন চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্য বিশিষ্ট আংশিক এ কমিটির অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক পত্রে ওই তথ্য জানা গেছে।

কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহসভাপতি মোশারফ সিদ্দিকী, সহসভাপতি আসাদুল্লাহ আল মনসুর, মনজুরুল ইসলাম মনজু, শাহাদাত সাগর ও রফিকুল আলম রাজু, যুগ্মসম্পাদক আতিকুর রহমান সুনীল, তৌহিদ নসরুল্লাহ, শাহাদাত হোসেন সবুজ, মাকসুদুর রহমান নবীন, মাহমুদুল হাসান মানিক ও বিক্রম হাফিজ শয়ন এবং সাংগঠনিক সম্পাদক মনজুরুল করিম সুমন।

এব্যাপারে বৃহস্পতিবার রাতে জামালপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব বলেন, ‘নতুন এই আংশিক কমিটির বেশিরভাগ সদস্যের ছাত্রত্ব নেই। তাছাড়া আমাদের না জানিয়েই এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আমরা এই কমিটি মানি না।’

সাধারণ সম্পাদক ওমরুজ্জামান দর্শন চৌধুরী

 

এদিকে জেলা ছাত্রদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওমরুজ্জামান দর্শন চৌধুরী বলেন, ‘জামালপুর জেলা ছাত্রদলকে সুসংগঠিত করার জন্য কেন্দ্রীয় ছাত্রদল বিভিন্ন পর্যবেক্ষণ করেই এ কমিটি দিয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা ও জেলা বিএনপির সাথে সমন্বয় করেই আমরা সব কর্মকাভায পরিচালনা করবো।’

উল্লেখ্য, ২০১০ সালে শফিকুল ইসলাম খান সজিবকে আহ্বায়ক ও ছয়জনকে যুগ্ম আহ্বায়ক করে জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় ছাত্রদল। তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনাও দেওয়া হয়েছিল। কিন্তু বিগত আট বছরেও সম্মেলন করতে ব্যর্থ হয় জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি।