কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিজিবি’র সদস্যরা বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধন সামগ্রী ও ওষুধ জব্দ করেছে। জব্দকৃত প্রসাধনী ও ওষুধগুলোর আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় ওই সীমান্তের ৯৪৭ নম্বর আন্তজার্তিক সীমানা পিলারের ৪নং সাব পিলারের পাশে অবস্থান নেন অনন্তপুর ক্যাম্পের বিজিবির সদস্যরা। এ সময় একদল চোরকারবারী ভারত থেকে বস্তাভর্তি প্রসাধন সামগ্রী ও ওষুধ নিয়ে বাংলাদেশে প্রবেশ করে। বিজিবির ধাওয়ায় ৩ বস্তা প্রসাধনী ও ওষুধ ফেলে পালিয়ে যায় তারা। পরে বিজিবির সদস্যরা ওই প্রসাধনী ও ওষুধগুলো জব্দ করে ক্যাম্পের নিয়ে আসে।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের অধীন কাশিপুর কোম্পানি কমান্ডার সুবেদার শহিদুল ইসলাম জানান, জব্দকৃত প্রসাধনী ও ওষুধগুলো জয়মনিরহাট কাস্টমস অফিসে জমা দেয়া হবে।