শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের গজনী সংরক্ষিত বনাঞ্চল থেকে কাঠ পাচারে বাধা দেয়ায় বন কর্মচারীদের হামলার শিকার হয়েছেন বিজিবি সদস্যরা। এতে একজন বিজিবি সদস্য আহত হয়েছেন। গত বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
নকশী সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্য হাবিলদার মোহাম্মদ জামাল ও গ্রামবাসী জানান, ঘটনার দিন গজনী ফরেস্ট বিট কর্মকর্তা আব্দুর রফিক পাচারের উদ্দেশে তার লোক দিয়ে সংরক্ষিত বনের প্রায় ১ শ’ ঘনফুট শাল-গজারি গাছ কর্তন করেন। খবর পেয়ে নওকুচি সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যের টহলদল ঘটনাস্থলে গিয়ে পাচারের কাঠগুলো আটক করেন। এ সময় বিট কর্মকর্তা আব্দুর রফিক ও তার লোকজন উত্তেজিত হয়ে বিজিবি সদস্যদের চাকরিচ্যুত করার হুমকি দেন। একপর্যায়ে বিজিবি সদস্যদের ওপর আক্রমণ ও মারপিট করে ব্যাজ ছিঁড়ে ফেলে। এ সময় নকশী সীমান্ত ফাঁড়ির নায়েক কাইয়ূম নামে এক বিজিবি সদস্য আহত হন। খবর পেয়ে ক্যাম্প থেকে অতিরিক্ত বিজিবি সদস্য এসে পরিস্থিতি নিয়ন্ত্রণসহ বিট কর্মকর্তা আব্দুর রফিককে আটক করে ক্যাম্পে নিয়ে আসেন। পরে ময়মনসিংহ ৩৯ ব্যাটেলিয়নের বিজিবির সেক্টর কমান্ডার লে. কর্নেল আনিসুর রহমান, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদ, ময়মনসিংহ বনবিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় বন কর্মকর্তা প্রাণতোষ কুমার রায় ও রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন নকশী সীমান্ত ফাঁড়িতে আসেন। এ নিয়ে দেন-দরবারের পর সমঝোতার মাধ্যমে সন্ধ্যায় বিট কর্মকর্তা আব্দুর রফিককে ছাড়িয়ে নিয়ে যান। দেন-দরবার চলাকালীন স্থানীয় বাসিন্দারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ওই বিট কর্মকর্তার বিরুদ্ধে বৃক্ষ লুটপাট, বনায়নের নামে সরকারি অর্থ হরিলুট, বনবিভাগের জমি বিক্রি ও অন্যায়ভাবে সাধারণ মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ করেন।



