চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছয়টি ইউনিয়ন এবং চন্দনাইশের দুই ইউনিয়নসহ আট ইউনিয়ন নিয়ে নতুন থানা দোহাজারী-সাঙ্গু নামকরণ করা নিয়ে প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেছেন সাতকানিয়ার ছয় ইউনিয়নের জনসাধারণ।
গতকাল শনিবার বিকেলে ছয় ইউনিয়নের চেয়ারম্যানের উদ্যোগে উপজেলার সাতকানিয়ার কেরানীহাট হক টাওয়ার এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব। বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন, ইঞ্জিনিয়ার আমানুর রশিদ হিরু, সাংবাদিক জাহাঙ্গীর আলম, বাজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাপস দত্ত, পুরানগড় ইউনিয়নের চেয়ারম্যান আ ফ ম মাহবুবুল হক সিকদার, ধর্মপুর ইউনিয়ন চেয়ারম্যান ইলিয়াছ চৌধুরী, কালিয়াইশ ইউনিয়ন চেয়ারম্যান হাফেজ আহমদ, খাগরিয়া ইউনিয়ন চেয়ারম্যান আকতার হোসেন, কাঞ্চনা ইউনিয়ন চেয়ারম্যান রমজান আলী, দক্ষিণ জেলা যুবলীগ নেতা নাজিম উদ্দিন, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সালাহউদ্দিন। সমাবেশে জেলা ও উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সর্বস্তরের পেশাজীবী বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে নতুন থানার নামকরণ ‘উত্তর সাতকানিয়া’ করার জন্য সংশ্লিষ্টদের কাছে জোর দাবি জানান।
উল্লেখ্য, চট্টগ্রাম-১৪ সংসদীয় আসন চন্দনাইশ ও সাতকানিয়ার ছয় ইউনিয়ন কেঁওচিয়া, বাজালিয়া, পুরানগড়, ধর্মপুর, কালিয়াইশ ও খাগরিয়া ইউনিয়ন নিয়ে গঠিত। এই ইউনিয়নগুলো চট্টগ্রাম-১৪ আসনের সাথে সম্পৃক্ত থাকার ফলে প্রতিনিয়ত অবহেলিত হয়ে আসছে।