বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও সুস্থতা কামনায় জামালপুরে দোয়া মাহফিল ও আলোচনা সভা করেছে জেলা ছাত্রদল। রোববার রাত ৮টার দিকে শহরের কথাকলি মার্কেট চত্বরে জেলা ছাত্রদল কার্যালয়ে এ অনুষ্ঠান হয়েছে। নবগঠিত জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ওমরুজ্জামান দর্শন চৌধুরীর সঞ্চালনায় দোয়া মাহফিলপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মোশারফ সিদ্দিকী, যুগ্ম সম্পাদক তৌহিদ নসরুল্লাহ প্রমুখ।
বক্তারা বলেন, যেকোন আন্দোলন সংগ্রামে ছাত্রদল নেতাকর্মীরা অগ্রনী ভূমিকা পালন করে থাকে । জামালপুরে ছাত্রদল নেতাকর্মীরা সবসময় এর জন্য প্রস্তুত রয়েছে। জামালপুর থেকেই হোক সরকার পতনের আন্দোলন। কেন্দ্রীয় নির্দেশ পালন করতে আমরা সর্বদা প্রস্তুত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি না হলে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। এজন্য আন্দোলন সফল করতে প্রয়োজনে আমরা নিজের জীবন উৎসর্গ করবো।
আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম। এ সময় ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



