ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বইলর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মুকুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ কথা বলা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মোস্তাফিজুর রহমান মুকুলের বিরুদ্ধে ত্রিশাল থানায় দ্রুত বিচার আইন-২-এর ৪(১) ধারা ও দণ্ডবিধির কয়েকটি ধারায় মামলার চার্জশিট আদালতে গৃহীত হওয়ায় এবং তার কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচিত হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর ৩৪ উপধারা (১) অনুযায়ী তাকে তার পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণায়লয়ের সিনিয়র সহকারী সচিব ড. সৈয়দা নওশীন পর্ণিনী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়।
উল্লেখ্য, ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের জন্য ১৯৯০ সালে রামপুর মৌজা থেকে ৩০ শতাংশ জমি অধিগ্রহণ করে একটি বিল্ডিং নির্মাণ করা হয়। অফিসের খালি জায়গার সীমানা ঘেঁষে স্থানীয় আওয়ামী লীগ নেতা পরিচয় দিয়ে চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মুকুল জমি দখল শুরু করেন। ২০০২ সালে জনস্বাস্থ প্রকৌশল দফতর থেকে তাকে এ ব্যাপারে প্রথম চিঠি প্রদান করা হয়। পরবর্তীকালে এই চেয়ারম্যান জনস্বাস্থ্যের ১০ শতাংশ জমি দখল করে নেয়। এ ব্যাপারে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ তাকে ১৫টি চিঠি প্রদান করলেও বারবারই তিনি জমি দখল করে রাখেন। সর্বশেষ গত ১০ নভেম্বর তিনি নতুন করে বিল্ডিং নির্মাণ করতে গেলে প্রকৌশল অধিদফতর ময়মনসিংহ জেলা প্রশাসক বরাবর চিঠি প্রেরণ করে।
এর পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসনের নির্দেশে জনস্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধের কথা বললে মুকুল চেয়ারম্যান তাদের সাথে অশোভন আচরণ ও অশ্লীল গালিগালাজ করেন। পরে ঘটনাস্থলে গিয়ে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা অফিসার ইনচার্জ নির্মাণাধীন বিল্ডিংয়ের কাজ বন্ধ করে দেন। পরে জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মুনসুর আহমেদ খান বাদি হয়ে মুকুল চেয়ারম্যানসহ ছয়জনের নাম উল্লেখ করে ত্রিশাল থানায় একটি মামলা দায়ের করেন।



