ঝিনাইদহের উপর দিয়ে গাড়ি চলাচল করতে না দেয়ায় আজ বৃহস্পতিবার সকাল থেকে চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। চুয়াডাঙ্গা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা এই ধর্মঘটে আন্তজেলা ও দূরপাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। আকস্মিক এ ধর্মঘটে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
চুয়াডাঙ্গা রয়েল পরিবহন মেহেরপুর টু পটুয়াখালীগামী এক জোড়া যাত্রীবাহী বাস চলাচলের জন্য রুট পারমিট নেয়। সেই মোতাবেক তারা মেহেরপুর টু পটুয়াখালী গাড়ি চলাচল শুরুর উদ্যোগ নেয়। কিন্তু ঝিনাইদহ মালিক সমিতি তাদের জেলার উপর দিয়ে গাড়ি চলতে বাধা দেয়।
বিষয়টির প্রতিকার চেয়ে চুয়াডাঙ্গা মালিক সমিতি সংশ্লিষ্ট দফতরে আবেদন করে। এতে ক্ষিপ্ত হয়ে উঠে ঝিনাইদহ মালিক সমিতি। সোমবার রাতে কোনো কারণ ছাড়াই চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেসের গাড়ি চলাচল বন্ধ করে দেয়। পরবর্তীতে রয়েল পরিবহনের ঝিনাইদহ কাউন্টারে তালা ঝুলিয়ে দেয়।
এসব ঘটনার প্রতিবাদে আজ সকাল ৬টা থেকে চুয়াডাঙ্গা থেকে দূরপাল্লার ও অভ্যন্তরীণ পথে সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।
চুয়াডাঙ্গা বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক সালাহউদ্দিন জানান, এ রাস্তায় সব ধরনের রুট পারমিট থাকা সত্ত্বেও গায়ের জোরে রয়েল পরিবহনের সব রুটের গাড়ি চলাচল বন্ধ করে দেয় ঝিনাইদহ মালিক সমিতি। এরই প্রতিবাদে আমাদের এ যাত্রীবাহী বাস ধর্মঘট। যতদিন এ সমস্যার সমাধান না হবে ততদিন ধর্মঘট অব্যাহত থাকবে।






