নিরাপদ সড়কের দাবিতে যশোরের চৌগাছায় শনিবার রাস্তায় নামে শিক্ষার্থীরা। সকাল সাড়ে আটটায় চৌগাছা শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা শহরের ব্রিজ ঘাট এলাকায় জড়ো হয়ে মুক্তিযোদ্ধা ভাস্কর্য মোড়ে অবস্থান নেয়। এ সময় তারা নানা ধরনের প্ল্যাকার্ড বহন করে ও স্লোগান দিতে থাকে। ভাস্কর্য মোড়ে তারা মোটরসাইকেল চালকদের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স চেক করে। মোটরসাইকেল আরোহীরা ভোগান্তিতে পড়লেও হাঁসিমুখে শিক্ষার্থীদের নিকট কাগজপত্র দেখান।
বেলা বাড়ার সাথে সাথে তাদের সাথে যোগ হতে থাকে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা। তারা শহরের প্রধান প্রধান সড়কের মোড়ে মোড়ে অবস্থান নেয়। এ সময় তারা শহরের কাপুড়িয়া পট্রিমোড়, যশোর বাসস্ট্যান্ড ও কোটচাদপুরসড়কসহ কয়েকটি স্থানে ছড়িয়ে পড়ে বিভিন্ন গাড়ির কাগজপত্র ও চালকের ড্রাইভিং লাইসেন্স চেক করতে থাকে। বাদ পড়েনি সাংবাদিক, পুলিশ কর্মকর্তা ও স্কুল-কলেজের শিক্ষকদের গাড়ি।
এ সময় অনেক মোটরসাইকেল চালক তার মোটরসাইকেল শিক্ষার্থীদের নিকট জম্মায় রেখে বাড়িতে বা অফিসে গিয়ে কাগজপত্র এনে দেখিয়ে গাড়ী নিয়ে যান। চলাচলে অল্পসময়ের জন্য ভোগান্তি হলেও জনসাধারন ও গাড়ী চালকরা শিশু শিক্ষার্থীদের তৎপরতাকে স্বাগতম জানান।
এদিকে সকাল সাড়ে নয়টার দিকে চৌগাছা শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমানের নেতৃত্বে শিক্ষকদের একটি দল শিক্ষার্থীদের ফিরিয়ে নিতে আসেন। শিক্ষকদের আহ্বানে সাড়া দিয়ে সকাল সাড়ে দশটার দিকে শিক্ষার্থীরা চৌগাছা-যশোর সড়কের সরকারি খাদ্যগুদাম এলাকা থেকে একটি মিছিল নিয়ে সকলেই নিজের শিক্ষা প্রতিষ্ঠানের দিকে ফিরে যায়। শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থী মিছিলটিতে অংশ নেয়। এ সময় তারা ¯ে¬াগান দেয় আমাদের দাবী মানতে হবে।
এদিকে, উপজেলার ছয়টি রুটেই যান চলাচল বন্ধ রেখেছেন চৌগাছা বাস মিনিবাস মালিক সমিতি ও চৌগাছা মটরযান শ্রমিক সংস্থা।
আইনশৃঙ্খলার যাতে অবনতি না হয় বা কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেজন্য চৌগাছা থানা পুলিশ সতর্ক অবস্থায় শহরের বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নেয়।