আরিচা বাসস্ট্যান্ড থেকে পুরাতন লঞ্চঘাটমুখী সড়কের প্রায় ২০০ মিটার রাস্তায় সৃষ্ট খানাখন্দ সংস্কারের দায়িত্ব নিচ্ছে না কোনো বিভাগ। ফলে গুরুত্বপূর্ণ এ সড়কে চলাচলকারী যানবাহন মালিক-চালক, পথচারী ও স্থানীয় বাসিন্দারা ভোগান্তি পোহাচ্ছেন।
জানা গেছে, আরিচার গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে প্রতিদিন বিপুল বাস-ট্রাকসহ ছোট বড় বিভিন্ন ধরনের অসংখ্য যানবাহন চলাচল করে। এ সড়কের দক্ষিণে বিদ্যুৎ বিভাগের পিসিপোল কারখানায় তৈরি বৈদ্যুতিক খুঁটি বহনকারী ট্রাক যাতায়াত করে। এ ছাড়া সপ্তাহে দুই দিন গরুর হাটে আসা শতাধিক ট্রাক-পিকআপসহ অনেক যানবাহন চলাচল করে। এ সড়কে সৃষ্ট গর্তে বৃষ্টির পানি জমে ও যানবাহনের চাপে জনসাধারণের যাতায়াতে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
সড়ক ও জনপথ বিভাগের স্থানীয় কর্মকর্তারা জানান, ইতঃপূর্বে এ সড়ক সংস্কারের দায়িত্ব পরিবর্তন করা হলেও জনগুরুত্বের কারণে আমরাই কয়েকবার তা সংস্কার করেছি।
উপজেলা এলজিইডি কর্মকর্তারা জানান, আগে সড়ক ও জনপথ বিভাগ এ সড়কের দেখভাল করলেও কাগজ-কলমে এলজিইডির কাছে হস্তান্তর না করায় আমরা কোনো ব্যবস্থা নিতে পারছি না।