জামালপুরের ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ পুত্রবধূ সালমা আক্তারকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বুধবার রাতে ইসলামপুর উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের ডিগ্রিরচর ফারাজিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ডিগ্রিরচর ফারাজিপাড়া গ্রামের সনতেশ আলী (৫৫) ও তার ছেলে নিজাম উদ্দিন (৩০)।
স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে ডিগ্রিরচর ফারাজিপাড়া গ্রামের কৃষক সনতেশ আলীর ঘরের বৈদ্যুতিক লাইনের তারে ত্রুটি দেখা দিলে টিনের চাল বিদ্যুতায়িত হয়। এ সময় সনতেশ আলীর ছেলে নিজাম উদ্দিন বিদ্যুতের লাইনের ত্রুটি ঠিক করতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ অবস্থা দেখে তার বাবা সনতেশ আলী ও নিজাম উদ্দিনের স্ত্রী সালমা আক্তার তাকে উদ্ধার করতে গিয়ে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন। সনতেশ আলী ও নিজাম উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর অসুস্থ সালমা আক্তারকে আশঙ্কাজনক অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।



