বরগুনার তালতলীতে বুধবার রাতে ৯ জলদস্যুকে আটক করেছে স্থানীয় জেলেরা। তাদের রাতেই থানায় সোপর্দ করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি ট্রলার জব্দ করা হয়েছে।
জানা গেছে, উপজেলার নিশানবাড়ীয়া খেয়াঘাটের দক্ষিণ দিকের ফাতরার চর সংলগ্ন আন্ধার মানিক নদীতে জেলেরা রাত ৯টার দিকে মাছ ধরতে যায়। জেলেরা জাল ফেলার কিছু পরই একটি ট্রলারে প্রায় ১২-১৪ জন জলদস্যু এসে বরগুনার মানিকখালী গ্রামের রুহুল আমিন হাওলাদারের ট্রলারে হামলা চালায়। তারা জেলেদের মারধর করে তাদের কাছ থেকে ১০ হাজার ৮৩০ টাকা নিয়ে যায়। পরে জেলেরা মোবাইলের মাধ্যমে পাশের জেলেদের জানালে জেলেরা একত্র হয়ে জলদস্যুদের ঘেরাও করে ৯ জন জলদস্যুকে ধরে ফেলে। আটক দস্যুরা হলো বশির হাওলাদার (২০), আবু হানিফ (২৫), বশির হাওলাদার (২২), কামার চৌধুরী (২৫), মেহেদী হাসান (১৬), শাহজালাল সিকদার (২০), ইমরান সিকদার (১৭), রাসেল সরদার ওরফে বনি আমিন (২০) ও মিরাজ মুন্সী (১৬)। এদের সবার বাড়ি পটুয়াখালীর মহিপুর পুলিশ থানার বিভিন্ন গ্রামে। এদের রাতেই থানায় সোপর্দ করা হয়েছে।
তালতলী থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, জেলেদের হাতে আটককৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।