ভৈরবের কালিপুরে ১৭০০ টাকা ফেরত না দেয়ায় নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে শাহীন (২০) নামে এক যুবককে খুন করার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগ করেন নিহত যুবকের মা সাহারা বেগম।
রোববার রাত আনুমানিক সাড়ে ১০ দিকে ভৈরব পৌর এলাকার কালিপুর গ্রামে এ ঘটনা ঘটে। খুনের ঘটনায় নিহত শাহীনের মা সাহারা বেগম বাদি হয়ে একই এলাকার শামীম, ইজ্জত আলী, মোশারফ ও সোহরাফকে অভিযুক্ত করে ভৈরব থানায় একটি হত্যা মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছেন বলে জানানো হয়।
সাহারা বেগম অভিযোগ করে বলেন, শাহীন রাজমিস্ত্রির কাজ করত। রোববার রাত ১০টার দিকে শাহীনের মোবাইল ফোনে দুইটি কল আসে। ফোন পেয়ে শাহীন ঘর থেকে বের হয়নি। পরে অভিযুক্ত চার ব্যক্তি শাহীনের সাথে কথা বলার জন্য ঘর থেকে ডেকে নিয়ে যায়। পরে শাহীনকে পাশের কবরস্থানের কাছে নিয়ে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে খুন করা হয়। শাহীনের কাছে অভিযুক্ত শামীম ১৭০০ টাকা পেত। টাকা ফেরত না দেয়া ও শক্রতার জেরেই এ ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ করেন নিহতের মা।
খরব পেয়ে ভৈরব থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সোমবার সকালে কিশোরগঞ্জ মর্গে পাঠিয়েছে।