রাজবাড়ী-বালিয়াকান্দি-জামালপুর সড়ক সংস্কারকাজ শেষ না হতেই বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে যানবাহন ও যাত্রীদের। ট্রাকচালক বাবু মিয়া, ভ্যানচালক তমিজ উদ্দীন, অটোবাইকচালক কেয়ামদ্দিন জানান, রাজবাড়ী-বালিয়াকান্দি ভায়া জামালপুর-মধুখালী সড়কটি কয়েক দিন আগে সংস্কার করা হয়েছে; কিন্তু কিছু দিন যেতে না যেতেই উপজেলার বহরপুর ইউনিয়নের ডাবরা ব্রিজের কাছে পাকা রাস্তা দেবে ২-৩ ফুট গর্ত সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলে গর্তে পানি জমা মাত্রই যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। গত রবি ও সোমবার সকালে সামান্য বৃষ্টি হলে একটি ট্রাক সেই গর্তে পড়ে আর উঠতে না পাড়ায় ৩-৪ ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। নিজেদের চলাচলের স্বার্থে কিছু বালু ও খোয়া ফেলে কোনো মতে চলাচলের যোগ্য করা হয়।
তারা আরো জানান, রাস্তা সংস্কারকাজ শুরু থেকেই অনিয়ম লক্ষ করা গেছে। কাজের শুরুতে বহরপুর ইউনিয়নের রায়পুর ব্রিজে ফাটল ধরেছে। নির্মাণকৃত ব্রিজের চেয়ে রাস্তা ৩-৪ ইঞ্চি দেবে যাওয়ায় অনেক পরিবহন ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সড়ক ও জনপথ বিভাগের এসও আব্দুর রশিদ জানান, ১২ কোটি টাকা ব্যয়ে সাতটি ব্রিজ ও ১৫ কিলোমিটার থেকে ২৬ কিলোমিটার পর্যন্ত কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আকতার হোসেন লিমিটেড। তিনি কাজের নিয়মিত তদারকি করছেন। কাজের মান ভালো বলে দাবি করেছেন তিনি।
সড়ক ও জনপথ বিভাগের এসও এস এম রফিকুল ইসলাম বলেন, সড়কে গর্ত সৃষ্টি হওয়ায় ট্রাক দেবে যায়। সোমবার সকাল থেকেই কাজ করে গর্ত ভরাট করা হয়েছে। এখন কোনো সমস্যা নেই।
এ ব্যাপারে রাজবাড়ী সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাদ্দাম হোসেন বলেন, আমি নতুন এ জেলায় যোগদান করেছি। রাস্তার গর্তের বিষয়ে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে। এ কাজের বিষয়েও খোঁজখবর নেয়া হচ্ছে।