কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকৃত স্বর্ণের চেইন ভাগবাটোয়ারার সময় ছিনতাইকারী চক্রের এক সদস্য সহযোগীদের ছুরিকাঘাতে নিহত হয়েছে। গত সোমবার বেলা ৩টায় ভৈরবে মেঘনা নদীর পাড়ে ত্রি-সেতু এলাকায় নদীঘাট পুলিশ ফাঁড়ির সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ত্রি-সেতুর নিচে বেড়াতে আসা ভৈরব উপজেলার জামালপুর ও ছনছড়া গ্রামের চার কিশোর-কিশোরীর কাছ থেকে ছিনতাইকারী চক্র তাদের মোবাইল ফোন, স্বর্ণের চেইন ও টাকা ছিনিয়ে নেয়। এ সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আরিফ রহমান নামে এক কিশোর আহত হয়। এর কিছু পরে ছিনিয়ে নেয়া স্বর্ণের চেইনের ভাগবাটোয়ারা নিয়ে ছিনতাইকারীদের মধ্যে সঙ্ঘাত হয়। এ সময় ছিনতাইকারী চক্রের এক সদস্য বাপ্পী অপর সদস্যদের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই নিহত হয়।
ভৈরব রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ বলেন, নিহত বাপ্পী ছিনতাইকারী চক্রের সদস্য। ছিনতাই শেষে নিজেদের মধ্যে দ্বন্দ্বে ভুক্তভোগীদের সামনেই চক্রের অপর সদস্যদের ছুরিঘাকাতে বাপ্পী ঘটনাস্থলে নিহত হয়।