সাতক্ষীরার কলারোয়া পৌরসভার মেয়র আক্তারুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে এ সংক্রান্ত একটি চিঠি কলারোয়া পৌরসভায় এসে পৌঁছেছে।
কলারোয়া পৌরসভার মেয়র আক্তারুল ইসলাম বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার চার্জশিটভুক্ত আসামি। তিনি দীর্ঘ দিন পৌরসভায় আসেন না। এতে পৌরসভার সব কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। বিষয়টি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে অবগতি করার পর গত ৮ আগস্ট পৌর আইনের ২০০৯ এর ৩১ ধারার উপধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে কলারোয়া পৌরসভার মেয়র আক্তারুল ইসলামকে পৌরসভার মেয়রের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব ফারজানা মান্নান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। যার স্মারক নং-পৌর-২/৪৬,০০,০০০০,০৬৪,৩২.১৪০,১৬, ৯০৭।