বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ গত বৃহস্পতিবার বেলা ২টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জে তার নিজ বাড়িতে সংবাদিকদের সাথে মতবিনিময়কালে আওয়ামী লীগ ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন, তার প্রতিবাদে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাদল। তিনি বলেন, দুঃখজনক হলেও সত্য আমাদের নেতা ও সেতুমন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোয়াখালী তথা কোম্পানীগঞ্জে হাজার কোটি টাকার মেগা প্রজেক্ট করতেছেন। মওদুদ সাহেব দীর্ঘদিন সরকারের উপরাষ্ট্রপতি ও শিল্প, আইন, যোগাযোগ ও প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তিনি তো এরকম একটি মেগা প্রকল্প দেখাতে পারেননি। তার শাসনামলে ৫০ কোটি টাকারও উন্নয়ন করতে পারেননি। তিনি বাড়িতে এলে তার উপস্থিতিতে তাদের দলীয় নেতাকর্মীরা প্রতিনিয়ত মারামারি করে। এ কারণে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মনে করেন, মওদুদ সাহেবের গায়ে আঘাত লাগতে পারে। এ জন্য আমাদের মন্ত্রী উনার নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রেখেছেন।
আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কোমলমতি ছাত্রছাত্রীদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করে তাদের ৯টি দাবি মেনে নিয়েছেন। তার অধিকাংশ বাস্তবায়ন হয়েছে। আমাদের মন্ত্রীর পদত্যাগ প্রসঙ্গে মওদুদ সাহেবের বক্তব্যের প্রতিবাদে আমরা বলতে চাই তিনি এমন কাজ করেননি, যার কারণে তাকে পদত্যাগ করতে হবে। তিনি সফল মন্ত্রী, তিনি সফল একজন সাধারণ সম্পাদক, তিনি রাস্তায় দাঁড়িয়ে গাড়ির ফিটনেস ও লাইসেন্স চেক করেন। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরনবী চৌধুরী, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি রেয়াজুল হক লিটন, সাধারণ সম্পাদক আবুল খায়ের, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম ছারওয়ার, বসুরহাট পৌরসভা যুবলীগের সভাপতি লুৎফুর রহমান মিন্টু, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন মুন্না প্রমুখ।