প্রস্তুত হাট, আসতে শুরু করেছে কোরবানির পশু। আগামী ২২ আগস্ট পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রাজধানীর কোরবানির পশুর হাটগুলো জমে উঠতে শুরু করেছে। বিক্রেতারা আশা করছেন কয়েক বছরের চেয়ে এবার তারা ভালো ব্যবসায় করতে পারবেন। ক্রেতাদের আশা নিজ নিজ বাজেটের মধ্যে নির্ঝঞ্ঝাটে কোরবানির পশু কিনে ফিরবেন বাসায়।
রাজধানী গোপীবাগ কোরবানির পশুরহাটে গতকাল দেখা যায়, একের পর এক ট্রাকে বোঝাই করে আসছে কোরবানির পশু। হাটের মূল প্রস্তুতির কাজ শেষ হয়েছে। শেষ মুহূর্তের ছোটখাটো কিছু কাজ চলছে। ক্রেতাদের আকৃষ্ট করতে চলছে মাইকিং।
সব প্রবেশদ্বারে নির্মাণ করা হয়েছে বাহারি তোরণ। তোরণের পাশেই স্থাপন করা হয়েছে পুলিশ বক্স। রয়েছে হাট কর্তৃপক্ষের নিজস্ব স্বেচ্ছাসেবক দল। পাইকার ও ক্রেতাদের জন্য নামাজের স্থান, বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পশুগুলো ট্রাক থেকে নামিয়ে শ্রমিকেরা নিয়ে যাচ্ছেন হাটের নির্দিষ্ট স্থানে। গোপীবাগ হাটের অর্ধেক জায়গা পূর্ণ হয়ে গেছে, শনিবারের মধ্যে পুরোপুরি ভরে যাবে হাটÑ এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা।
বিক্রেতারাও আশা করছেন, শুক্র-শনিবারের মধ্যেই ক্রেতাদের আগমন পুরো মাত্রায় শুরু হবে। সেই সাথে শুরু হবে বেচাকেনা। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে ৫০টি গুরু নিয়ে গোপীবাগ হাটে এসেছেন মাহবুবুর রহমান। আশা করছেন, ভালো দামে সবগুলো গুরু বিক্রি করে ফিরতে পারবেন। এ ব্যবসায়ী বলেন, এবারের হাটের পরিবেশ বেশ ভালো। তাই ভালো বেচাকেনার আশায় আছি। আশা করছি, গত বারের চেয়ে ভালো হবে।
আলমডাঙ্গা থেকে আসা মাহবুবুর রহমান তার গরুটির দাম হাঁকেছেন সাড়ে ছয় লাখ টাকা।
ক্রেতারাও আসতে শুরু করেছেন হাটে। তবে সংখ্যায় কম। অল্প কিছু বেচাকেনা হলেও মূল বেচাকেনা শুরু হতে আরো দু-এক দিন লাগবে বলে জানান পশু ব্যবসায়ীরা। এ দিন হাটে যাদের ক্রেতা হিসেবে দেখা গেছে, তাদের অনেকেই এসেছেন মূলত হাটের অবস্থা যাচাই করতে। দাম, পশুর সরবরাহ দেখে তারপর সিদ্ধান্ত নেবেন পশু কেনার।
বাসাব এলাকা থেকে গোপীবাগ কোরবানির পশুর হাটে এসেছেন আমিনুল ইসলাম ও আবদুল মজিদ। তারা বলেন, ‘দেখতে এলাম হাটের কী অবস্থা। পছন্দ মতো পেলে কিনতেও পারি, না হলে আরো দু-এক দিন পরে কিনব। প্রয়োজনে আরো দু-একটি হাট ঘুরে দেখব।
আমিনুল ইসলাম ও আবদুল মজিদের সাথে যখন কথা হচ্ছিল তখনই দেখা গেল একটি বড় খাসি নিয়ে হাট থেকে বের হয়ে আসছেন দুই ক্রেতা। দাম জানতে চাইলে বললেন, ১৭ হাজার টাকা। ক্রেতারা জানালেন, আজ (গতকাল শুক্রবার) কেনার জন্য কোনো তাড়াহুড়ো ছিল না। পছন্দ হলো, দামেও মিলল তাই কিনে ফেললাম।



