ময়মনসিংহের গফরগাঁওয়ে কদম রসুলপুর গ্রামে অজ্ঞাত এক যুবকের (৩০) গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
গত বুধবার দুপুরের দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের কদম রসুলপুর গ্রামের আনিছ মিয়ার বাড়ির পাশে ঝোপের মধ্যে অজ্ঞাত এক যুবকের লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত যুবকের পরনে জিন্সের প্যান্ট ছিল। লাশের মুখ ফোলা রয়েছে। স্থানীয়রা কেউ লাশ সনাক্ত করতে পারেনি।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আহাদ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা যাচ্ছে কে বা কারা অজ্ঞাত যুবককে হত্যা করে ঝোপের মধ্যে ফেলে রেখে গেছে। লাশটি ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।



