বরিশালের গৌরনদী উপজেলার সরিকল এলাকায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা শুক্রবার সন্ধ্যায় একটি যাত্রীবাহী বাস থেকে নামিয়ে মো: মোস্তাফিজুর রহমান পিয়াল (২২) নামে এক ছাত্রদল নেতাকে বেদম মারধর করে তার পকেটে চার পিস ইয়াবা ঢুকিয়ে পুলিশে সোপর্দ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সরিকল ইউনিয়ন বিএনপির সভাপতি মো: জাহাঙ্গীর হোসেন মৃধা অভিযোগ করেন কিছু দিন আগে একই গ্রামের নাসির মোল্লা, আজিজুল মোল্লাদের সাথে তাদের মারামারি হয়। ওই ঘটনায় নাসির মোল্লা বাদি হয়ে তাদের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় একটি মামলা করেন। ওই মামলায় বর্তমানে তারা জামিনে আছেন। শুক্রবার সন্ধ্যায় পাশের বাবুগঞ্জ উপজেলার আগরপুর গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যোগদান শেষে আগরপুর বাসস্ট্যান্ড থেকে একটি যাত্রীবাহী লোকাল বাসে চড়ে সরিকলে ফিরছিলেন তার ছেলে রনি মৃধা (১৮) ও আগরপুর ইউনিয়ন ছাত্রদলের প্রচার সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান পিয়াল (২২)। সন্ধ্যা প্রায় সাড়ে ৭টার দিকে তাদের বহনকারী লোকাল বাসটি সরিকল গ্রামের নাসির মোল্লার বাড়ির সামনে এলে প্রতিপক্ষ আওয়ামী লীগ নেতা নাসির মোল্লা, আজিজুল মোল্লার নেতৃত্বে ১৫-১৬ জন রনি মৃধা ও পিয়ালকে লোকাল বাস থেকে টেনেহিঁচড়ে নামিয়ে মারধর করে। একপর্যায়ে রনি মৃধা সেখান থেকে দৌড়ে পালিয়ে রক্ষা পায়। অপর দিকে পিয়ালকে ধরে তারা বেদম মারধর করে তার পকেটে চার পিস ইয়াবা ঢুকিয়ে তাকে সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রে সোপর্দ করে।