শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের মোবাইল নম্বর ক্লোন করে স্থানীয় এক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে বিকাশের মাধ্যমে ১৮ হাজার টাকা লুফে নিয়েছে প্রতারক চক্র। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
জানা গেছে, উপজেলার জাফরগঞ্জ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর কবিরের মোবাইলে ২৬ আগস্ট দুপুরে ইউএনওর নম্বর থেকে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে ১৮ হাজার টাকা চাওয়া হয়। যা বিদ্যালয়ের ল্যাপটপ ও অন্যান্য সরঞ্জাম প্রদানে ব্যয় হবে বলে জানানো হয়। প্রধান শিক্ষক চাহিদানুযায়ী টাকা বিকাশ করেন।
এ ব্যাপারে ইউএনও মেহেদী হাসান জানান, একটি প্রতারক চক্র আমার মোবাইল নম্বর ক্লোন করে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের ল্যাপটপ প্রদানের কথা বলে বিকাশের মাধ্যমে টাকা দাবি করে আসছে। ইতোমধ্যে জাফরগঞ্জ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এ চক্রের ফাঁদে পড়েছেন। তিনি সংশ্লিষ্ট সবাইকে তার নামে কারো সাথে কোনো প্রকার অর্থনৈতিক লেনদেনে না জড়ানোর অনুরোধ করেন।