কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে আবু ইয়াসের নামে অপর এক রোহিঙ্গা নিহত হয়েছে। শুক্রবার বিকাল ৪ টার দিকে টেকনাফের লেদা অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে এই ঘটনা ঘটে।
নিহত আবু ইয়াসের (২৫) লেদা অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের এফ-ব্লকের বাসিন্দা মোহাম্মদ ইসলামের ছেলে।
টেকনাফ থানার ওসি রনজিত কুমার বড়ুয়া জানান, লেদা রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেয়া আবু ইয়াছের স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ক্যাম্পে কয়েকজন রোহিঙ্গা সন্ত্রাসী অসামাজিক কার্যকলাপ করায় তাদের বাধাঁ দেয় আবু ইয়াসের সহ কয়েকজন স্বেচ্ছাসেবী। এতে ক্ষিপ্ত হয়ে ছৈয়দ আলম, রেদোয়ান সহ ৭/৮ জন রোহিঙ্গা সন্ত্রাসী ইয়াসেরকে ঘর থেকে ডেকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে টেকনাফ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে।
লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং হত্যায় জড়িতদের আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।



