গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকায় মঙ্গলবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় এক নারী শ্রমিক নিহত হয়েছেন। তার নাম শিউলী (২৮)। বিকন গার্মেন্টেসের শ্রমিক নিহতের ঘটনার প্রতিবাদে স্থানীয় শ্রমিকরা ওই মহাসড়ক অবরোধ করে ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

নাওজোর হাইওয়ে ফাঁড়ির এসআই প্রদীফ কুমার মজুমদার জানান, রাত সোয়া ৮টার দিকে সালনা এলাকা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা ডাক বাংলো এলাকায় রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী শ্রমিকবাহী একটি বাস স্থানীয় পোশাক কারখানার এক নারী শ্রমিককে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই নিহত হন ওই নারী। ঘটনার পর বিক্ষুদ্ধ এলাকাবাসী ও শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কটি অবরোধ করে রাখে এবং ঘাতক বাসটিতে অগ্নিসংযোগ করে। রাত সোয়া ৯টা পর্যন্ত অবরোধ চলছিল। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

জয়দেবপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর প্রস্তুতিকালে বিক্ষুদ্ধ এলাকাবাসী ও শ্রমিক তাদের লাঠি-সোটা নিয়ে ধাওয়া দিলে নিরাপত্তার কারণে আগুন না নিভিয়ে গাড়িসহ দমকলকর্মীরা নিরাপদস্থানে অবস্থান নেয়। তারা অতিরিক্ত ফোর্স পেলে ঘটনাস্থলে যাবেন।