ঢাকার ধামরাইয়ে স্বামীর অমানুষিক নির্যাতন সহ্য করতে না পেরে বকুলী বেগম (৩৫) নামে এক গৃহবধূর গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে স্বামী রাজ্জাক মিয়াসহ শ্বশুর বাড়ির লোকজন সবাই পলাতক রয়েছে।
আজ বুধবার উপজেলার দক্ষিণ গাওয়াইল গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
এদিকে, নিহতের স্বজনদের অভিযোগ দীর্ঘদিন ধরেই স্বামী রাজ্জাক মিয়া কারণে-অকারণে স্ত্রী বকুলী বেগমকে মারধরসহ মানসিক নির্যাতন করে আসছিল।
এ ব্যাপারে ধামরাই থানার উপ-পরিদর্শক এসআই মলয় কুমার সাহা জানান, দক্ষিণ গাওয়াইল গ্রামের রাজ্জাক মিয়ার স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এমন খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। এর আগে ওই বাড়ির লোকজন লাশটি ঝুলন্ত অবস্থা থেকে মাটিতে নামিয়ে পালিয়ে যায়। তবে বকুলীর শ্বশুরবাড়ির লোকজন সবাই পলাতক রয়েছে। লাশটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।






