মুন্সীগঞ্জের গজারিয়ার বালুয়াকান্দিতে শাহ্ শের আলী সিএনজি পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে সিএনজি পাম্পটির চার কর্মচারী।

ঘটনার প্রত্যক্ষদশী ও আহতদের সাথে কথা বলে জানা যায়, রোববার বিকালে পাঁচটার দিকে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড-এর তেল বোঝাই একটি লরি থেকে তেল আনলোড করার সময় তাতে আগুন লেগে যায়। গাড়িটির চালক তাৎক্ষণিকভাবে লরিটিকে তেল আনলোড করার জায়গা থেকে সামনের খালি জায়গায় সরিয়ে নিয়ে যান। এসময় গাড়িটিতে আগুন ধরে যায়।

প্রথমে পাম্পটির কর্মীরা নিজস্ব অগ্নিপ্রতিরোধী সারঞ্জামের মাধ্যমে আগুন নেভানোর চেষ্টা করে,পরে খবর পেয়ে গজারিয়া,দাউদকান্দি ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। দীর্ঘ প্রায় এক ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যায় ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এসময় আগুন নেভাতে গিয়ে সিএনজিপাম্পের চার কর্মচারী জজ মিয়া (৬০), সজিব (২৮), রিয়াজ (১৯), শাহ্ আলম (৩০) আহত হয়। আহদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

অগ্নিকাণ্ডে ঘটনায় তেল বোঝাই লরি, পাম্পটির সামনের দিকের কিছু অংশ এবং একটি ফাস্ট ফুডের দোকানের আংশিক পুড়ে যায়। ক্ষয়-ক্ষতির পরিমাণ সঠিকভাবে নিরুপন করা না গেলেও প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মালিক পক্ষ।

গজারিয়া ফায়ার সার্ভিস এর টিম লিডার সাইদুর রহমান খান জানান, আগুন তাদের নিয়ন্ত্রণে রয়েছে তবে অগ্নিকাণ্ডের কারণ তাদের কাছে এখনো স্পষ্ট নয় । পাইপ দিয়ে তেল আনলোড করার সময় প্রথম পাম্পটির কর্মচারীরা আগুন দেখতে পায় বলে জানান তিনি।