বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একমাত্র প্রশিণ প্রতিষ্ঠান ‘বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের’ ৯২তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ গতকাল সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, আরসিডিএস, পিএসসি (অব:)।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো: সাফিনুল ইসলাম, এসডিসি, পিএসসি এবং বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মো: সাজ্জাদ হোসেন, এনডিসি, পিএসসি প্রধান অতিথির সাথে অভিবাদন মঞ্চে উপস্থিত ছিলেন।
এ ছাড়া চট্টগ্রাম (১৫) সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান, ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাকসুদুর রহমান, চট্টগ্রাম নেভাল এরিয়া কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম আবু আশরাফ, এয়ার কমডোর এম মফিদুর রহমানসহ চট্টগ্রাম অঞ্চলের সামরিক ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ও বেসামরিক ব্যক্তিরা উপস্থিত থেকে কুচকাওয়াজ উপভোগ করেন।
কুচকাওয়াজে প্যারেড কমান্ডার ছিলেন মেজর কাজী মনজুরুল ইসলাম এবং প্যারেড অ্যাডজুটেন্ট সহকারী পরিচালক মো: নজরুল ইসলাম। পরে প্রধান অতিথি ৯২তম ব্যাচের ৫৫৭ জন নবীন সৈনিকদের মধ্যে সব বিষয়ে সেরা নবীন সৈনিক সিপাহি (জিডি) মো: সজিব হোসেন, ফায়ারিংয়ে আবদুল্লাহ আল ওয়ায়েস, শারীরিক কৃতিত্বে জুয়েল মিয়া, সেরা শারীরিক কৃতিত্বে নিশি খাতুনের মাঝে পুরস্কার তুলে দেন।