নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী আলী নূর নিহত হয়েছে।
মাদকবিরোধী অভিযান চলাকালে রোববার ভোর রাতে সোনারগাঁও পৌর এলাকার চিলারবাগ গ্রামের বালুর মাঠে এ বন্দুকযুদ্ধে আলী নূর নিহত হয়।
নিহত আলি নূর উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ী মজলিশ গ্রামের মৃত আক্কাছ আলীর ছেলে।
পুলিশ তার কাছ থেকে ৩শ’ পিস ইয়াবা, একটি ওয়ান সুটারগান, এক রাউন্ডগুলি ও দেড় কেজি গাঁজা উদ্ধার করে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফারুক হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
পুলিশ জানান, উপজেলার বাড়ী মজলিশ গ্রামের আক্কাছ আলীর ছেলে দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ওই এলাকায় মাদক ব্যবসা করে আসছে। পুলিশ ওই মাদক ব্যবসায়ীকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। পরে নারায়ণগঞ্জ পুলিশ সুপার তাকে ধরতে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করে।
এদিকে রোববার ভোরে সোনারগাঁও থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী আলী নূরকে গ্রেফতারের জন্য সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হক শিকদার চিলারবাগ এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আলীনূর পুলিশের উপর গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি ছুড়লে আলী নূর নিহত হয়। পুলিশ তার কাছ থেকে ৩শ’ পিস ইয়াবা, একটি ওয়ান সুটারগান, এক রাউন্ড গুলি ও দেড় কেজি গাঁজা উদ্ধার করে।
নিহত মাদক ব্যবসায়ী আলি নূরের বিরুদ্ধে থানায় ১৬টি মাদক ও ৪টি অন্যান্য মামলা রয়েছে।






