মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের ষোলআনী ও দৌলতপুর মৌজায় তিন ফসলি জমিতে প্রস্তাবিত ৩৫০ মেগাওয়াট কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ প্রকল্প বন্ধের দাবীতে মহাসমাবেশ করেছে এলাকাবাসী।
উপজেলার কয়েকটি পরিবেশবাদী সংগঠন ,সচেতন নাগরিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের যৌথ উদ্যোগে সোমবার সকালে উপজেলার ষোলআনী ঈদগাঁ মাঠে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।
মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুন্সীগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মহিউদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আমিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তালেব ভূইঁয়া, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাফিজ্জুজামান জিতু খাঁন, ইমামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার খাঁন, তিন ফসলী জমি রক্ষা কমিটির আহবায়ক মেহেদী হাসান সবুজ, বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা গাফফার মেম্বার, বিশিষ্ট সমাজসেবক আব্দুল হক দর্জী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলায়মান হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান সাগর, আওয়ামী লীগ নেতা মুক্তার হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিশিষ্ট শিল্পপতি এফএম আবু-তাহের।
অনুষ্টানে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তিন ফসলি জমিতে কয়লা বিদ্যুত প্রকল্প করা হবে না তবে কেন এখানকার তিন ফসলী জমিতে কয়লা বিদ্যুৎ কেন্দ্র বানানোর উদ্যোগ? বিষয়টি সুরাহার জন্য তারা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের ষোলআনী ও দৌলতপুর মৌজায় তিন ফসলি জমির পরিবর্তে প্রকল্পটি অন্যত্র সড়িয়ে নিতে সরকারের প্রতি দাবী জানান।
এসময় ষোলআনী দৌলতপুরসহ উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় পাঁচ হাজার জনসাধারণ মহা সমাবেশে উপস্থিত ছিলেন।