বুধবার রাতে দামুড়হুদার সীমান্তবর্তী কার্পাসডাঙ্গার পীরপুর কুল্লা গ্রামের রাস্তায় দুর্বৃত্তদের বোমা হামলায় এক কৃষক নিহত হয়েছে। কালাম ওরফে কালু নামের এই কৃষক বোমা হামলার পর ঘটনাস্থলেই নিহত হন।
ঘটনার পর দামুড়হুদা মডেল থানা পুলিশ রাতেই নিহত কৃষকের লাশ উদ্ধার করে। পরে নিহতের লাশ বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
পুলিশ ও এলাকাবাসীরা জানান, বুধবার সন্ধ্যার পর উপজেলার সীমান্তবর্তী পীরপুর কুল্লা গ্রামের কিতাব আলীর ছেলে কালাম ওরফে কালু (২৭)
মাঠের ধান দেখে বাড়ি ফিরছিলেন । স্থানীয় জিন্নাত আলী মোড়ে পৌঁছালে দুর্বৃত্তরা তার উপর পর পর দুইটা বোমা হামলা চালায়।
এরপরই এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করার পর গ্রামবাসী রাত সাড়ে আটটার দিকে কালাম ওরফে কালুকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
খবর পেয়ে রাত দশটায় দামুড়হুদা মডেল থানার ওসি শুকুমার বিশ্বাস ও চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোঃ মাহবুবর রহমান পি পি এম ঘটনাস্থল পরিদর্শন করেন ।
দামুড়হুদা মডেল থানার ওসি সাংবাদিকদের বলেন, বোমা হামলায় কৃষক নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। তবে কি কারণে এই হামলা হয়ে তা নিশ্চিত নয়। পূর্ব শত্রুতার জের ধরে এই হামলা হয়ে থাকতে পারে। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।






