সত্যের সঙ্গে প্রতিদিন- এ শ্লোগানকে সামনে নিয়ে দৈনিক নয়া দিগন্তের পথ চলা । এলাকার সমস্যা,সম্ভাবনা আর অবহেলিত মানুষের কথা অবিরাম বলে আসছে দৈনিক নয়া দিগন্ত । তারই ধারাবাহিকতায় ফেনীর ছাগলনাইয়া উপজেলায় মুহুরী নদীর তীরবর্তী দুই উপজেলার লক্ষাধিক মানুষের জীবনের অন্যতম প্রধান সমস্যা ছিল শতবর্ষী পুরাতন মহাঘাটে নদী পারাপারের ভোগান্তি নিয়ে । স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্রছাত্রী, কৃষক-শ্রমিকসহ হাজারো মানুষের দুর্ভোগ নিয়ে স্বচিত্র প্রতিবেদন প্রকাশ করে দৈনিক নয়া দিগন্ত।

অবশেষে এলাকাবাসীর দাবি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিকতায় ছাগলনাইয়ার এলজিইডি বিভাগের অর্থায়ানে মুহুরী নদীর মহামায়াঘাটে বৃহস্পতিবার দুপুরে সাত কোটি টাকা ব্যয়ে ৯০মিটার দীর্ঘ ব্রীজের নির্মাণ কাজের উদ্বোধন করেন ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।

পাঠাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েলের সভাপতিত্বে ও এবিএম নিজাম উদ্দিনের সঞ্চালনায় পূর্ব সোনাপুরে মুহুরী নদীর তীরবর্তী মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল । বিশেষ অতিথি ছিলেন ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি সামছুদ্দিন আহম্মদ বুলু মজুমদার, বিআরডির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবদুল হাই ভুইয়া, উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ইলিয়াছ হোসেন সোহাগ, উপজেলা আওয়ামীলীগের সদস্য কফিল উদ্দিন, পৌর কাউন্সিলর মজাহারুল ইসলাম মুছা, কামাল উদ্দিন, আলহাজ্ব মুন্সী চাঁন মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মশিউর রহমান শিমুল, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বেলাল, উপজেলা যুবলীগের সদস্য রবিউল হক রবি, স্থানীয় ইউপি সদস্য আবু জাফর টিটু, আবুল কালামসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী বলেন, গত একশত বছরের অধিক সময় ধরে ছাগলনাইয়া উপজেলার সঙ্গে ফুলগাজী উপজেলাবাসী ঝুকি নিয়ে ডিঙ্গি নৌকা দিয়ে নদী পার হতেন । এলাকাবাসীর দীর্ঘ দিনের দাবির প্রেক্ষিতে মুহুরী নদীর ওপর এই ব্রীজ নির্মাণ হচ্ছে।

বর্তমান সরকারের শেষ সময়ে মুহুরী নদীর ব্রীজ নির্মাণ কাজ শুরু হওয়ায় নদীর দু-পারের মানুষের মাঝে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।