গাজীপুরের শ্রীপুর উপজেলার এক গজারী বন থেকে বৃহস্পতিবার দুপুরে এক হিজড়ার বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ২৫ বছর বয়সী নিহত ওই হিজড়ার পরিচয় অবশ্য জানা যায়নি।
শ্রীপুর মডেল থানার এসআই শহীদুল হক মোল্লা জানান, গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের পোষাইদ এলাকায় জৈনাবাজার-বরমী সড়কের পাশে গজারী বনের ভেতর বৃহস্পতিবার একটি বস্তাবন্দি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। নিহতের গলায় আঘাতের দাগ রয়েছে।
ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যার পর লাশ বস্তাবন্দি করে সেখানে ফেলে যায় দুর্বৃত্তরা। নিহত হিজড়ার পরনে লাল-খয়েরী রংয়ের শাড়ি রয়েছে।






