ময়মনসিংহের হালুয়াঘাটের ধরাবন্নি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পানি জমে থাকায় শিক্ষাকার্যক্রম ব্যাহত হচ্ছে।
জানা গেছে, বিদ্যালয়টির আঙ্গিনায় প্রায় সারা বছরই পানি জমে থাকে। সামান্য বৃষ্টিতে যাতায়াতের অসুবিধায় পড়তে হয় শিক্ষক-শিক্ষার্থীদের।
সরেজমিন গিয়ে দেখা যায়, ২২২ জন শিক্ষার্থী ও পাঁচজন শিক্ষক রয়েছেন বিদ্যালয়টিতে। দীর্ঘ দিন ধরে জরাজীর্ণ ভবনে পাঠদান ও পানি জমে থাকায় শিক্ষক-শিক্ষার্থীরা আতঙ্কে রয়েছে।
প্রধান শিক্ষক মোহাম্মদ শোয়েব বলেন, পানি জমে থাকায় বিদ্যালয়টিতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীরা খেলাধুলা, কাসের ফাঁকে মাঠে ঘোরাফেরা ও পিটি করতে পারছে না। বৃষ্টি বেশি হলে পানির ওপর দিয়ে আসতে হয়।
তিনি আরো বলেন, বিদ্যালয়ের ভবনটি পুরনো হয়ে যাওয়ায় ভবনের কিছু কিছু অংশ ভেঙে পড়ছে। ছাত্রছাত্রীরা কাসে আতঙ্কের মধ্যে থাকে।
শিক্ষার্থীরা জানায়, তাদের খুব কষ্ট লাগে, তারা মাঠে খেলতে পারে না। ভয় লাগে শিশুরা যদি পানিতে পড়ে মারা যায়। শরীরচর্চা কাস করা যায় না। পিটিও করা যায় না। পানির জন্য তাদের স্কুলের খুব ক্ষতি হচ্ছে।
অভিভাবকেরা জানান, ছেলেমেয়েরা দূষিত পানির ওপর দিয়ে স্কুলে যাতায়াত করায় তারা নানা পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসাইন মোহাম্মদ ফারুক বলেন, বিদ্যালয়টি মাটি ভরাট করা জরুরি। তবে সরকারি ফান্ড না থাকায় মাটি ভরাট করতে পারছি না। ফান্ড সংগ্রহের চেষ্টা করা হচ্ছে।
হালুয়াঘাটে প্রাথমিক বিদ্যালয়ে পানি : শিক্ষাকার্যক্রম ব্যাহত
ময়মনসিংহের হালুয়াঘাটের ধরাবন্নি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পানি জমে থাকায় শিক্ষাকার্যক্রম ব্যাহত হচ্ছে।জানা গেছে, বিদ্যালয়টির আঙ্গিনায় প্রায় সারা বছরই পানি জমে থাকে। সামান্য বৃষ্টিতে যাতায়াতের অসুবিধায়...



