বছর ঘুরে আবার অনুষ্ঠিত হলো ‘জীবনের জয়গান’ উৎসব। গতকাল উৎসবের ১১তম এ আসরে আজীবন সম্মাননা দেয়া হয়েছে তিন গুণী শিল্পীকে। এরা হলেন : সঙ্গীতে রুনা লায়লা এবং অভিনয়ে আলী যাকের ও সৈয়দ হাসান ইমাম।
দ্য ডেইলি স্টার-স্ট্যান্ডার্ড চার্টার্ড জীবনের জয়গান-এর অনুষ্ঠানে এই গুণী শিল্পীদের সম্মাননা জানানোর পাশাপাশি জীবনের জয়গান প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে সন্ধ্যায় অনুষ্ঠিত এ পুরস্কার বিতরণ আসরে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। উপস্থিত ছিলেস দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয়।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন মিতালী মুখার্জি। এ ছাড়া ফাহমিদা নবীর সুরে ঐশী ও বর্ণ গান গেয়ে দর্শক মাতিয়ে রাখেন। গানে পাশাপাশি ছিল সাধনার নৃত্য, শাহজাহান মুন্সীর কণ্ঠে বাউল গান এবং লালন ব্যান্ডের পরিবেশনা। এ ছাড়া ছিল বিজয়ী আলোকচিত্রীদের তোলা ছবি নিয়ে বিশেষ প্রদর্শনী।
গত ১৭ এপ্রিল স্থাপত্যে বাংলাদেশ থিম নিয়ে শুরু হয়েছিল ১১তম দ্য ডেইলি স্টার-স্ট্যান্ডার্ড চার্টার্ড সেলিব্রেটিং লাইফ প্রতিযোগিতা। এই বিষয়ের ওপর ভিত্তি করেই গীতিকবিতা, আলোকচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা নেয়া হয়। সেলিব্রটিং লাইফ হলো সঙ্গীত, আলোকচিত্র ও চলচ্চিত্র নিয়ে প্রতিযোগিতা। ২০০৮ সাল থেকে এটি আয়োজন করে আসছে দ্য ডেইলি স্টার ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।
সাংস্কৃতিক উৎসবে ৩ নাটক মঞ্চস্থ : গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবে গতকাল তিন নাটক মঞ্চস্থ হয়েছে। সন্ধ্যায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে বহরমপুর কলাক্ষেত্রের (ভারত) প্রযোজনায় ‘তাসের দেশ’ মঞ্চস্থ হয়। এ ছাড়া এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে দেশ নাটক প্রযোজনায় ‘নিত্যপুরাণ’ এবং স্টুডিও থিয়েটার হলে স্বপ্নদলের প্রযোজনায় ‘চিত্রাঙ্গদা’ মঞ্চস্থ হয়।
ছায়ানট : সম্মেলক নৃত্যগীতের মধ্য দিয়ে গতকাল শুরু হয়েছে ছায়ানটের শরৎ উৎসব। গতকাল সকালে ছায়ানট ভবনের নিচতলায় উৎসবের শুরু হয়। ছায়ানট সঙ্গীত বিদ্যায়তন এই অনুষ্ঠানের আয়োজন করে।
মুক্তি পেল ‘মেঘকন্যা’
অনিশ্চয়তায় পড়া তিন ছবির মধ্যে গতকাল মুক্তি পেয়েছে ‘মেঘকন্যা’ ছবিটি। দুর্গাপূজাকে কেন্দ্র করে পাঁচটি ছবি ছিল মুক্তির মিছিলে। নতুন দু’টি ও পুরনো তিনটি ছবি সারা দেশে কাল মুক্তি দেয়ার কথা হয়েছিল। অবশেষে মাত্র ৮ সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘মেঘকন্যা’ ছবিটি। ছবির প্রযোজক এ জেড এম জাহাঙ্গীর কবির এ কথা জানান।



