আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী অধ্যক্ষ ডি এম জিয়াউর রহমান জিয়া।
তিনি ধামিন নওগাঁ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এবং বাগমারা উপজেলা বিএনপির বর্তমানে সভাপতি ও রাজশাহী জেলা বিএনপির যুগ্ম সম্পাদক। এ ছাড়া তিনি বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আউচপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান।
তিনি দলের মনোনয়ন পাওয়ার আশায় গণসংযোগ, দলের কর্মিসভা ও মতবিনিময় সভাসহ বিভিন্নভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। কেন্দ্রীয় নেতাদের সাথেও যোগাযোগ রক্ষা করে চলেছেন। পোস্টার সাঁটানো ও প্রচারপত্র বিতরণসহ বিভিন্ন কাজ করে যাচ্ছেন।
বাগমারা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান টুকু, সিনিয়র সহসভাপতি মাস্টার মোশারফ হোসেন, শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক শফিকুল ইসলাম, গনিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জব্বার, হামিরকুৎসা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল হোসেন, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি জহুরুল ইসলাম খোকন ও গোবিন্দপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার আশরাফুল ইসলাম বলেন, রাজশাহী-৪ আসন থেকে এবার ডি এম জিয়াউর রহমান জিয়াকে প্রার্থী হিসেবে দেখতে চায় দলের তৃণমূল নেতাকর্মীরা।
দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে ডি এম জিয়া বলেন, দেশব্যাপী বিএনপির দুর্দিনের সময় ২০০৮ সালের উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীতি প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে আমি বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হই। সাধ্য মতো জনগণের সেবা ও এলাকার উন্নয়ন করেছি। কিন্তু দলের কেন্দ্র ঘোষিত অবরোধ কর্মসূচি পালন করায় ক্ষমতাশীন দলের লোকজন একের পর এক আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে এবং ক্ষমতাশীন দলের এমপির হস্তক্ষেপে আমাকে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে বরখাস্ত করা হয়। যারা আমার ক্ষতিসাধন করেছে তাদের উপযুক্ত জবাব দেয়ার জন্যই আমি এবার বিএনপির প্রার্থী হয়ে মাঠে লড়তে প্রস্তুত।



