কুষ্টিয়ার মিরপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ভারল গ্রামের মজনু মণ্ডলের বাড়ির আঙ্গিনায় ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদুল ইসলাম জহুরুল এবং ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম গ্রুপের বিরোধের জের ধরে এ সংঘর্ষে হয়। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন জহুরুল গ্রুপের সাইদুল ইসলাম, আমরামুল হক মণ্ডল, আব্দুল কুদ্দুস গাজী, নজরুল ইসলাম, নাজমুল ইসলাম, ডাবলু, মজনুর রহমান, লিটু, জনি, আব্দুল গাফফার এবং আব্দুর রহিম গ্রুপের গোলজার আলী, জসিম উদ্দিন ও মঙ্গল আলী। মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।