পুলিশের হাতে আটক হওয়ার পর ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও আদালতে হাজির না করায় উদ্বেগ প্রকাশ করেছেন ফেনী পৌরসভা নিবাসী কফিল উদ্দিনের মা আয়েশা বেগম। তিনি অনতিবিলম্বে তার সন্তানকে আটক দেখিয়ে আদালতের হাতে সমর্পণের দাবি জানিয়েছেন।

আয়েশা বেগম জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় ফেনী পুরাতন পুলিশ কোয়ার্টার ডানহাম রোডে ফেনী পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পিটুর নেতৃত্বে একদল সন্ত্রাসী কফিল উদ্দিন মাহমুদের উপর বর্বর নির্যাতন চালানোর পর ফেনী মডেল থানা পুলিশের হাতে তুলে দেয়।

গতকাল মঙ্গলবার রাত ৮টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত কফিল উদ্দিনকে থানার হাজতে রাখা হয়। এ সময় কফিলের সাথে দেখা করে কথা বলেন বরল জানান তার মা আয়েশা বেগম।

কিন্তু বুধবার সকালে ডিবি কার্যালয়ে নেয়ার পর থেকে কফিলের সাথে ডিবি পুলিশ যোগাযোগ করতে দিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। এমনকি প্রকাশ্যে সবার সামনে কফিলকে গ্রেপ্তার করা হলেও এখন তা অস্বীকার করছে ডিবি পুলিশ।

পাশাপাশি ২৪ ঘন্টার নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কফিলকে আদালতে হাজির করা হয়নি। যা আমাদের উদ্ধেগকে আরো বাড়িয়ে দিচ্ছে। আমাদের সন্তানকে গ্রেপ্তারের পর অস্বীকার করা, দেখা করতে না দেয়া এবং আদালতে হাজির না করা প্রচলিত আইনে বেআইনি। এমনকি এই কাজ উচ্চ আদালতের নির্দেশেরও সুষ্পষ্ট লঙ্ঘন। যা অস্বাভাবিক বিষয়। আমার এখন আমাদের সন্তানকে নিয়ে শঙ্কিত।

আয়েশা বেগম বলেন, আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে আমার সন্তানের নিরাপত্তা দাবি করছি। কফিলকে আটক বা গ্রেফতারের কথা অস্বীকার করায় আমরা আমাদের সন্তানের ব্যাপারে গভীরভাবে উদ্বিগ্ন। আমাদের আকুল আবেদন, তাকে যেন উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক দ্রুত আদালতে উপস্থাপন করা হয়। তাকে নিয়ে যেন কোন নাটক সাজানো না হয়। আমাদের সন্তান যদি সত্যিই কোনো অপরাধের সাথে জড়িত থাকে তাহলে তাকে আদালতে বিচারের সম্মুখীন করা হোক।

আমরা জাতীয় মানবাধিকার সংগঠনসহ দেশি বিদেশি বিভিন্ন মানবাধিকার সংগঠনের কাছে আমার সন্তানের আইনের আশ্রয় পাবার অধিকারের ব্যাপারে সোচ্চার হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। যদি সরকার আমাদের সন্তানকে নিয়ে কোনো নাটক সাজানোর চেষ্টা করে তাহলে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কাছে আমরা আমাদের অভিযোগ পেশ করতে বাধ্য হবো।

আমরা অবিলম্বে আমাদের ছেলের সন্ধান ও আদালতে সোপর্দ করার দাবি জানাচ্ছি। আমাদের সন্তানকে আমাদের বুকে ফিরিয়ে দিন। বাবা-মায়ের আকুতি পদদলিত করবেন না।