কলারোয়া উপজেলা পোস্ট অফিসের সামনের ড্রেন থেকে দুর্গন্ধ ছড়ানোয় পোস্ট অফিসে যেতে পারছেন জনসাধারণ। একই সাথে পোস্ট অফিসে কর্মরতরা পড়েছেন মহাবিপাকে। সব সময় মুখে কাপড় বেঁধে অফিস করতে হচ্ছে কর্মকর্তা-কর্মচারীদের। সোমবার কলারোয়া পোস্ট অফিসে গিয়ে এমনটি দেখা গেছে।
এ ব্যাপারে কলারোয়া উপজেলা পোস্ট মাস্টার নন্দন কুমার চৌধুরী জানান, পোস্ট অফিসের পাশে দুটি মিষ্টির দোকান ও কয়েকটি চায়ের দোকানের ময়লা আবর্জনা দীর্ঘ দিন ধরে ড্রেনে ফেলা হচ্ছে। এতে করে ড্রেন বন্ধ হয়ে ময়লা আবর্জনা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। এ নিয়ে তিনি উপজেলা নির্বাহী অফিস, কলারোয়া থানা, পৌরসভায় লিখিতভাবেও অভিযোগ দিয়েছেন। কিন্তু কোনো কাজ হয়নি। এর আগেও কলারোয়া পৌরসভার মেয়রকে লিখিতভাবে বিষয়টি দেখার জন্য বলা হলেও আজো কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। তিনি বিষয়টি জরুরিভাবে দেখার জন্য জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করেছেন।