রাজশাহীর বাগমারার হাটখালগ্রাম ও গোয়ালকান্দি এলাকা থেকে অপহৃত মসজিদের দুই ইমাম সৈয়দ বাহারুল ইসলাম বিন হেলালী ও জাহাঙ্গীর আলমকে এক মাস পাঁচ দিন পর নাটোরের চলনবিল থেকে উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার সকালে নাটোর থানা পুলিশ চলনবিলের মধ্যে কালো কাপড় দিয়ে চোখ বাঁধা অবস্থায় তাদের উদ্ধার করে বলে বাগমারা থানার ওসি নাছিম আহম্মেদ জানিয়েছেন।
জানা যায়, গত ২১ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে বাগমারার আউচপাড়া ইউনিয়নের হাটখালগ্রাম মসজিদের ইমাম সৈয়দ বাহারুল ইসলাম বিন হেলালীকে (৩৫) জুমার নামাজের জন্য ইমামতি করতে যাওয়ার সময় উপজেলার তকিপুর-খালগ্রাম সড়কের বটতলা মোড় থেকে এবং শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর মসজিদের ইমাম জাহাঙ্গীর আলমকে (৩৮) গোয়ালকান্দি রাস্তা থেকে দু’টি মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। একই সময় একই কায়দায় মসজিদের দু’জন ইমাম অপহৃত হওয়ার ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দেয়।
বাগমারা থানা সূত্রে জানা যায়, হাটখালগ্রাম মসজিদের ইমাম সৈয়দ বাহারুল ইসলাম বিন হেলালীর বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার চৌবাড়িয়া গ্রামে এবং শ্রীপুর মসজিদের ইমাম জাহাঙ্গীর আলমের বাড়ি বগুড়া জেলায়। সৈয়দ বাহারুল ইসলাম বিন হেলালী চার বছর ধরে বাগমারার হাটগাঙ্গোপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করছেন। অন্য দিকে ইমাম জাহাঙ্গীর আলম ১০ বছর আগে গোয়ালকান্দি এলাকায় বিয়ে করার পর থেকেই সপরিবারে শ্বশুরবাড়িতে বসবাস করছেন। তাদের দু’জনকেই মসজিদে ইমামতি করতে যাওয়ার সময় গত ২১ সেপ্টেম্বর দুপুরে অপহরণ করে নিয়ে যাওয়া হয়।
বাগমারা থানার ওসি নাছিম আহম্মেদ জানান, এক মাস পাঁচ দিন আগে অপহৃত মসজিদের ওই দুই ইমামকে নাটোর থানার পুলিশ চলনবিলের মধ্য থেকে চোখ বাঁধা অবস্থায় উদ্ধার করে। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইলফোনও ওই বিলের মধ্য থেকে উদ্ধার করা হয়েছে। বিকেলে তাদের দু’জনকেই নাটোর থানা থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।