নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির (জাপা) দ্বিবার্ষিক সম্মেলন বসুরহাট পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে পৌর কমিটির সভাপতির নাম ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। সংঘর্ষে সাতজন আহত হন।
জানা যায়, গত রোববার সন্ধ্যায় কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা জাতীয় পার্টির সম্মেলন শেষে উপজেলা জাতীয় পার্টির সভাপতি হিসেবে নাম ঘোষণা করা হয় আবদুল লতিফ মেম্বারের। কিন্তু বসুরহাট পৌরসভার সভাপতি হিসেবে হাকিম শহিদ উল্লাহর নাম ঘোষণা করা মাত্রই তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুরুল হক সবুজের সমর্থকেরা শহিদ উল্লাহর সমর্থকদের ওপর হামলা চালায়। এতে হাকিম শহিদ উল্লাহ গ্রুপের সাতজন আহত হয়। পরে কোম্পানীগঞ্জ থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।



