আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী কেন্দ্রীয় আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন কয়েক শ’ মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহন নিয়ে নির্বাচনী শোডাউন করেছেন। বৃষ্টি উপেক্ষা করে গত সোমবার দুপুরে নির্বাচনী এলাকা সাতকানিয়া-লোহাগাড়ায় আওয়ামী লীগের নেতাকর্মী ও তার সমর্থকদের নিয়ে তিনি এই শোডাউন করেন।
শোডাউনটি সাতকানিয়ার কেরানীহাট নিউ মার্কেট চত্বর থেকে শুরু হয়ে সাতকানিয়া-লোহাগাড়ার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় কেরানীহাট এলাকায় পথসভায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ ইদ্রিস, সাধারণ সম্পাদক মুফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামিমা হারুন লুবনা, সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন প্রমুখ।
পথসভায় আমিনুল ইসলাম আমিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড় করিয়েছে। বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের আলোকপাত করে এর ধারাবাহিকতা অক্ষুণœ রাখতে নৌকা প্রতীকে ভোট দেয়ার অনুরোধ জানান তিনি।