জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাতীয় ঐক্যজোট সংলাপে গিয়ে যে দাবি করেছে তা কোনো সরকার মেনে নিতে পারে না। তাই তাদের সংলাপ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। আমরাও সংলাপে যাবো, তবে কোনো দাবি নিয়ে নয়। আমি একাই যাবো, শুধু আসন চাইবো। জাতীয় পার্টি ক্ষমতায় এলে ফের সুদিন ফিরে আসবে। কোনো মানুষ দুর্ভিক্ষে মারা যাবে না। তাই আরেকবার আমাদের সুযোগ দিন। আমরা ক্ষমতায় গেলে আর কেউ গুম হবে না। কোনো মায়ের বুক খালি হবে না।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রচারণা চালাতে জামালপুর জেলার ইসলামপুরে গতকাল দুপুরে গুঠাইল উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে উপজেলা জাতীয় পার্টি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
এ জনসভায় হুসেইন মুহম্মদ এরশাদ আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর) আসনে জাতীয় পার্টির একক প্রার্থী শিল্পপতি মোস্তফা আল মাহমুদকে পরিচয় করিয়ে দিয়ে লাঙল প্রতীকে তাকে বিজয়ী করার আহ্বান জানান।
ইসলামপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তফা আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার। এ ছাড়া বক্তব্য রাখেনÑ জাতীয় পার্টির সহসভাপতি নূরুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য ও জেলা সভাপতি এম এ সাত্তার, জেলা সাধারণ সম্পাদক ইকবাল এহসান, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন চিশতী প্রমুখ।



