মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে রোহিঙ্গা সহ দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। আজ দুপুর ১ টার দিকে কক্সবাজারের উখিয়ার বালুখালী সীমান্তের জিরো পয়েন্টের ২০নং খুঁটির কাছে গুলিবর্ষণের ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন, উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-২ এর আমীর হোসেনের ছেলে নুরুল ইসলাম (১৮) ও উখিয়ার থাইংখালী উত্তর রহমতের বিল এলাকার শাহাব মিয়ার ছেলে জয়নাল আবেদীন (১৩)। তাদের ক্যাম্পের রেডক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উখিয়ার থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো: খাইরুজ্জামান সত্যতা নিশ্চিত করে জানান, আজ সকালে স্থানীয় কয়েকজন ছেলে বালুখালী সীমান্তের পাশে গরু সরাতে যায়। এক পর্যায়ে সবার অজান্তে কিছু গরু বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বালুখালী ২০নং পিলারের কাছাকাছি চলে যায়। এসময় রাখাল বালকরা গরু আনতে গেলে সীমান্তরক্ষী বাহিনী তাদের লক্ষ করে গুলি ছুঁড়ে। এঘটনায় উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের আমীর হোসেনের ছেলে নুরুল ইসলাম (১৮) ও উখিয়ার থাইংখালী উত্তর রহমতের বিল এলাকার শাহাব মিয়ার ছেলে জয়নাল আবেদীন (১৩) গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে গুলিবিদ্ধ রোহিঙ্গা ছেলেকে টিভি টাওয়ার সংলগ্ন রেডক্রিসেন্ট হাসপাতালে এবং অপর বাংলাদেশী ছেলেকে মালয়েশিয়ান হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা এখন ওই হাসপাতাল গুলোতে চিকিৎসাধীন রয়েছেন।

জানতে চাইলে কক্সবাজার বিজিবি’র সেক্টর কমান্ডর কর্ণেল মো: বায়োজিদ সত্যতা নিশ্চিত করেছেন।