চট্টগ্রামের সাতকানিয়ায় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এর জের ধরে এক গ্রুপের সমর্থকেরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করলে এতে প্রায় ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ থাকে। এ সময় সড়কের উভয় পাশে শত শত গাড়ি আটকা পড়লে সাধারণ মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়েন। পরে পুলিশ অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। গত মঙ্গলবার রাত ৮টায় উপজেলার কেরানীহাট এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, গত রাত ৮টায় কেরানীহাট হক টাওয়ার এলাকায় দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম গ্রুপের আজাদ, তৌহিদ, সাইফুল, পারভেজ ও এনামের সাথে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আবু ছালেহ গ্রুপের রিদুয়ান, পারভেজ, ইকবাল, আকিব ও ইমন তর্কাতর্কি ও ঝগড়াঝাঁটিতে লিপ্ত হয়। এ সময় আবু ছালেহ বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে শান্ত করে ঘটনাস্থল থেকে তাড়িয়ে দেয়।
ঘটনার কিছুক্ষণ পরে প্রতিপক্ষ গ্রুপের সমর্থকেরা পুনরায় সঙ্ঘবদ্ধ হয়ে কেরানীহাট গণি শপিং সেন্টারের সামনে আবু ছালেহকে মারধর করে। এ সংবাদ ছড়িয়ে পড়লে আবু ছালেহ গ্রুপের সমর্থকেরা উত্তেজিত হয়ে লাঠি নিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে স্লোগান দিয়ে প্রায় ঘণ্টাখানেক চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে রাখে।