রাজবাড়ীতে গোয়েন্দা পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিষিদ্ধঘোষিত চরমপন্থী সংগঠন সর্বহারা পার্টির দলনেতা ও আঞ্চলিক কমান্ডার মহম্মদ আলী শেখ নিহত হয়েছে। এ ঘটনায় রাজবাড়ীর গোয়েন্দা পুলিশের ওসি (তদন্ত) মো: জিয়ারুল ইসলাম এবং এএসআই রমজান আহত হন। একটি বিদেশী পিস্তল, একটি একনলা বন্দুক ও ১৪ রাউন্ড গুলি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।
নিষিদ্ধঘোষিত চরমপন্থী সংগঠন সর্বহারা পার্টির দলনেতা মহম্মদ আলী শেখ পাচুরিয়া ইউনিয়নের দয়ালবন্ধু গ্রামের ওহাব আলী শেখের ছেলে।
রাজবাড়ীর গোয়েন্দা পুলিশের ওসি কামাল হোসেন ভুইয়া জানান, রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলির নির্দেশে আমরা সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের কুঠি পাচুরিয়া এলাকায় অভিযান চালাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলি চালালে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। আধা ঘণ্টা পর ঘটনাস্থল থেকে সর্বহারা পার্টির প্রধান মহম্মদ আলী শেখের লাশ পাওয়া যায়। একটি বিদেশী পিস্তল, একটি একনলা বন্দুক ও ১৪ রাউন্ড গুলি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজির মামলা আছে।