আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে হাসানুল হক ইনুর জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। গতকাল এই বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বরাবর একটি চিঠি পাঠিয়েছে দলটি। পাশাপাশি তরিকত ফেডারেশনও নৌকা প্রতীক চেয়ে ইসিতে চিঠি দিয়েছে।
জাসদ সভাপতি হাসানুল হক ইনু স্বাক্ষরিত চিঠিতে সিইসিকে দশম জাতীয় সংসদ নির্বাচনের মতোই আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন নিবন্ধিত রাজনৈতিক দলগুলো নির্বাচনে জোটবদ্ধ হয়ে নির্বাচন করছে। এমতাবস্থায় গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ২০ এর ১ এর (এ) ধারা অনুযায়ী ১৪ দলীয় জোটের শরিক দল হিসেবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও ১৪ দলীয় জোট মনোনীত অভিন্ন প্রার্থীদের জন্য আওয়ামী লীগের সংরক্ষিত নির্বাচনী প্রতীক ‘নৌকা’ সংরক্ষিত রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে। চিঠির অনুলিপি ইসি সচিব ও ইসির নির্বাচন পরিচালনা শাখার যুগ্ম সচিবের কাছেও পাঠানো হয়েছে।
এ দিকে তরিকত ফেডারেশনও নৌকা প্রতীক চেয়ে ইসিতে চিঠি দিয়েছে। ইসি সচিবের কাছে এ সংক্রান্ত চিঠি দিয়েছেন দলটির মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী।
অন্য দিকে বিকল্পধারা বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক স্বাক্ষরিত চিঠিতে ইসি সচিব হেলালুদ্দীন আহমদের কাছে জোটবদ্ধ নির্বাচনের বিষয়ে ‘পরিষ্কার’ ব্যাখ্যা চাওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, জোটবদ্ধ নির্বাচন করলে নিজস্ব প্রতীকে নির্বাচন করতে ভবিষ্যতে প্রভাব পড়বে কি না। একই সাথে এটাও জানতে চাওয়া হয়েছে নিজস্ব প্রতীকে নির্বাচন করলে ভবিষ্যতে জোটবদ্ধ হয়ে নির্বাচনের ক্ষেত্রে প্রভাব পড়বে কি না। উল্লেখ্য, তফসিল ঘোষণার তিন দিনের মধ্যে জোটগত নির্বাচনের তথ্য ইসিতে জমা দিতে হয়।