আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত হওয়ার পর রোববার সন্ধ্যায় আনন্দ মিছিল করার সময় বাগমারা থানার মোড়ে আ’লীগের দু’টি গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও বিভিন্ন স্থানে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। হামলা ও সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হয়েছেন।

আহতরা হলেন শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের আলাউদ্দিন আলাল (২৫), গোয়ালকান্দি ইউনিয়নের চেউখালী গ্রামের খোরশেদ আলম (৩২), সমসের আলী (৫৫), আজাদ (৫০), জাহাঙ্গীর আলম (৩২), তেলিপুকুর গ্রামের দুলাল হোসেন (৩৫), শরীফ উদ্দিন (৪৮) ও আব্দুল হালিম (৩০)।

আহতদের মধ্যে দুইজনকে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়।

বাগমারা থানার ওসি নাছিম আহম্মেদ জানান, থানার মোড়ে আওয়ামী লীগের দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় রাতেই দুলাল হোসেন নামের একজনকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে বলেও জানান তিনি।