মুন্সীগঞ্জের গজারিয়ায় অ্যাম্বুলেন্সের ওপর কনটেইনার পড়ে আব্দুর রাজ্জাক (৭০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। এ সময় তার মেয়ে লায়লা খাতুন লাকী ও চালকসহ চারজন আহত হয়েছেন।
গতকাল বেলা ১১টায় উপজেলার বাউশিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্স ও কনটেইনার বহনকারী লং ভেহিক্যাল (১৬ চাকাবিশিষ্ট গাড়ি) পুলিশের হেফাজতে রয়েছে।
প্রত্যদর্শীরা জানান, বেলা ১১টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে ঢাকাগামী রোগী বহনকারী ইউনিক অ্যাম্বুলেন্স বাউশিয়া এলাকা অতিক্রমের সময় মহাসড়কে যানজট থাকায় বিপরীত লেনে ঢোকার জন্য ইউটার্ন নেয়। অ্যাম্বুলেন্সটির ঠিক পেছনেই ছিল চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার বহনকারী লং ভেহিক্যালটি।
প্রত্যদর্শীদের বরাত দিয়ে গজারিয়া ফায়ার স্টেশনের ব্যবস্থাপক দীপু খান জানান, অ্যাম্বুলেন্সটি বাঁচাতে কনটেইনারবাহী ১৬ চাকার ভেহিক্যাল আচমকা ব্রেক কষলে সড়ক বিভাজনে গিয়ে ধাক্কা লাগে। এতে গাড়িতে থাকা একটি কনটেইনার অ্যাম্বুলেন্সের ওপরে পড়ে। এতে চাপা পড়ে রোগী আব্দুর রাজ্জাক মারা যান এবং তার মেয়ে লাকীকে ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে উদ্ধার করে।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জিয়াউল ইসলাম জানান, লাকীর শারীরিক জখম কম হলেও তিনি মানসিক চোট পেয়েছে অনেক বেশি।