গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের বৈদ্যারগাঁও গ্রামের বাসিন্দা গজারিয়া উপজেলা সৈনিক লীগের একাংশের সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রহমান খানকে আজ শুক্রবার সকালে পিটিয়ে ও ছুরিকাঘাতে আহত করেছে প্রতিপক্ষের সদস্যরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে গজারিয়া উপজেলা সৈনিক লীগের নেতা ফজলুর রহমানের ভাতিজা আব্দুল কাদিরের সাথে স্থানীয় প্রতিপক্ষ দলের রুবেল,তামিম, মোস্তফা ও অহিদুল বাবুর বাক বিতন্ডা হয়।
সেই ঝগড়ার জের ধরে আজ শুক্রবার সকালে উপজেলা সৈনিক লীগের একাংশের সাধারণ সম্পাদক ফজলুর রহমানকে ছুরিকাঘাতে জখম করে প্রতিপক্ষ দল।
ফজলুর রহমান দাবি করেন, বৈদ্যারগাঁও গ্রামের হাবিবুল্লা সিকদার বাড়ির পাশে শুকবার সকালে তাকে প্রতিপক্ষ দলের ছয় সাতজন ছুরি, চাইনীজ কুড়াল দিয়ে পেটেও মাথায় আঘাত করে মারাত্মক আহত করে।
গজারিয়া থানার ওসি মোহাম্মদ হারুন অর রশিদ শুক্রবার সন্ধ্যায় জানান, মারপিটের ঘটনায় উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
হামলার পর আহত সৈনিক লীগ নেতা ফজলুর রহমান খানকে স্থানীয়রা উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।






