মানিকগঞ্জে বিএনপির চার প্রার্থীসহ আটজনের মনোয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।

আজ রোববার সকাল ১০টায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এস.এম ফেরদৌস প্রার্থী ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে যাচাই-বাছাই কর্যক্রম শুরু করেন।

বাছাইকালে মানিকগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হকের অনলাইন আবেদন যথাযথভাবে না হওয়া ও চেয়ারম্যান পদ থেকে তার পদত্যাগপত্র গৃহীত না হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া এ আসনে জাকের পার্টির প্রার্থী আতাউর রহমানের মনোনয়নপত্র যথাযথ ভাবে পূরণ না করায় তা বাতিল করা হয়।

মানিকগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থী সাবেক এমপি মঈনুল ইসলাম খানের মনোনয়নে বিএনপির মহাসচিবের স্বাক্ষরে মিল না থাকা এবং একই আসনে বিএনপির আরেক প্রার্থী সিংগাইর উপজেলা চেয়ারম্যান আবিদুর রহমান রোমান চেয়ারম্যান পদ থেকে তার পদত্যাগপত্র গৃহীত না হওয়ার তার মনোনয়নপত্র বাতিল করা হয়। একই আসনে ঋণখেলাপির কারণে জাতীয় পার্টির প্রার্থী এসএম আব্দুল মান্নানের মনোনয়নপত্র বাতিল করা হয়। একই আসেন স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেন ও মাসুম মিয়া শতকরা এক ভাগ ভোট জমা না দেয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।

মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতার পদত্যাগপত্র গৃহীত না হওয়ায় মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।