এবারও মাহবুব তালুকদারের আপত্তিকে আমলে নিল না নির্বাচন কমিশন। সংখ্যাগরিষ্ঠতার জোরে তার ন্যায্য দাবিকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ইসি তার দাবিকে উপেক্ষা করেই একজন আলোচিত পুলিশ কর্মকর্তাকে বদলির আদেশ অনুমোদন করেছে।

বিভিন্ন কারণে দেশব্যাপী আলোচিত-সমালোচিত পুলিশ কর্মকর্তা (এসপি) মোহাম্মদ হারুন অর রশীদকে নারায়ণগঞ্জের পুলিশ সুপার হিসেবে বদলির বিষয়ে আপত্তি তুলেছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। কিন্তু তার আপত্তি উপেক্ষা করেই হারুনকে নারায়নগঞ্জে বদলি করা হয়েছে। রাজধানী ঢাকার পাশে নারায়নগঞ্জের মতো গুরুত্বপূর্ণ জেলায় তাকে বদলি করায় এ নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

গতকাল রোববার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এই দায়িত্ব দেয়া হয়। হারুন অর রশীদ সর্বশেষ গাজীপুর জেলার নতুন এসপি ছিলেন। সেখান থেকে তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) সংযুক্ত করা হয়।

এর আগে পুলিশ সদর দফতর থেকে পাঠানো এ সংক্রান্ত একটি বদলি আদেশে গতকাল অনাপত্তিপত্র দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। অনাপত্তিপত্র পেয়েই প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে। তবে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ইসিতে বিএনপির দেয়া ৯২ জন ‘দলবাজ’ কর্মকর্তার মধ্যে হারুনেরও নাম ছিল।

প্রজ্ঞাপনে বরিশাল রেঞ্জের ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মো: আজাদ মিয়াকে গাজীপুর মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে এবং নারায়ণগঞ্জের প্রত্যাহারকৃত এসপি মো: আনিসুর রহমানকে পুলিশ অধিদফতরে সহকারী মহাপরিদর্শক (এআইজি) পদে বদলি করা হয়েছে।

নির্বাচন কমিশন এর আগে গত ২৭ নভেম্বর নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমানকে প্রত্যাহার করে। তার বিরুদ্ধে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট আপত্তি জানিয়ে কমিশনে অভিযোগ করেছিল।

সদ্য যোগদানকৃত এসপি হারুন অর রশীদ ২০১৪ সালের ২৪ আগস্ট পুলিশ সুপার হিসেবে গাজীপুরে যোগদান করেছিলেন। ২০১৬ সালে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় দফায় গাজীপুর সদর, শ্রীপুর ও কাপাসিয়ায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ওই বছরের ২১ এপ্রিল এসপি হারুন অর রশিদকে গাজীপুর থেকে প্রত্যাহার করা হয়েছিল। নির্বাচন সম্পন্ন হওয়ার পর প্রত্যাহারের আদেশ তুলে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে ওই বছর ৩ মে গাজীপুরের পুলিশ সুপার পদে পুনর্বহাল করেন। দুই দফা মিলিয়ে চার বছর গাজীপুরে ছিলেন তিনি।

এসপি হারুন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করে ২০তম বিসিএসের মাধ্যমে ২০০১ সালে এএসপি হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। ডিএমপিতে থাকাকালে বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুককে মারধরের ঘটনায় আলোচিত হয়েছিলেন তিনি। ২০১১ সালের ৬ জুলাই জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে হারুনের মারধরে রক্তাক্ত ও আহত হন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। তখন তিনি তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ছিলেন। 

মাহবুব তালুকদারের ‘নোট অব ডিসেন্ট’ :

এ দিকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, আলোচিত পুলিশ কর্মকর্তা (এসপি) মোহাম্মদ হারুন অর রশীদকে নারায়ণগঞ্জে বদলির বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তবে এসপি হারুনের বিষয়ে মাহাবুব তালুকদার নোট অব ডিসেন্ট দিলেও অন্য কমিশনাররা তার বদলির পক্ষে মত দেন। সংখ্যাগরিষ্ঠতার জোরে অনাপত্তির বৈধতা পায় ইসিতে। ইসি সংশ্লিষ্ট সূত্রে গতকাল এই তথ্য জানা গেছে। 

উল্লেখ্য, এর আগে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ইসিতে বিএনপির দেয়া ৯২ জন ‘দলবাজ’ কর্মকর্তার মধ্যে এসপি হারুনেরও নাম ছিল। গতকাল সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে নারায়ণগঞ্জে বদলি করা হয়। পুলিশ সদর দফতর থেকে পাঠানো এ সংক্রান্ত একটি বদলি আদেশে গতকাল অনাপত্তিপত্র দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। অনাপত্তিপত্র পেয়েই প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে।